প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও কয়েকজন সদস্য যুক্ত হচ্ছেন। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন বা রদবদল হতে পারে। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।
এদিন দুজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিতে পারেন। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথের জন্য ফোন পেয়েছেন বলে তার পিএস বাহাউদ্দিন ভূইয়াঁ মিল্টন জানিয়েছেন।
এ ছাড়া মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। দলটির মহাসচিব আব্দুল মতিন সাউদ বিষয়টি নিশ্চিত করে জানান, পার্থ তাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেওয়ার জন্য ফোন পাওয়ার কথা জানিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেয় পার্থের দল।
এদিকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যবহারের জন্য পরিবহন অধিদপ্তর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ছয়টি গাড়ি পাঠানো হয়েছে। পরিবহন কমিশনার কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
নতুন করে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৪ জনে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তবে তারা মন্ত্রিসভার সদস্য নন।