আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 10:58
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা

Front line Bangladesh 07 Sep, 2026 • 07:24 PM
ছবির ক্যাপশন: ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নীতিমালায় কোন কোন সড়কে অটোরিকশা চলাচল করতে পারবে, তা নির্ধারণ করা হবে। প্রধান সড়কে এসব যানবাহন চলাচল ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, নীতিমালা বাস্তবায়নের সময় অটোরিকশাচালকদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রাখা হবে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা, যানবাহনের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমানে ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারি পরিবেশের জন্য ক্ষতিকর। তাই নতুন ব্যবস্থায় এমন ব্যাটারি ব্যবহারের শর্ত রাখা হবে, যাতে তা ডিজিটালি ট্র্যাক করা যায়। একই রেজিস্ট্রেশন নম্বরের আওতায় একাধিক যান পরিচালনা ঠেকাতেও ব্যবস্থা নেওয়া হবে।

অটোরিকশা চার্জ দিতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। এ ধরনের অবৈধ চার্জিং স্টেশন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী।

এর আগে সংসদে রেহানা আক্তার রানু অটোরিকশা নিয়ন্ত্রণে প্রধান সড়কের পরিবর্তে ভেতরের সড়কে চলাচলের সুযোগ, সৌরবিদ্যুৎভিত্তিক চার্জিং ব্যবস্থা, বিআরটিএ নিবন্ধন বাধ্যতামূলক এবং ঢাকায় অঞ্চলভিত্তিক জোনিংয়ের প্রস্তাব দেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেকারত্ব যাতে না বাড়ে, কর্মসংস্থান ব্যাহত না হয়, পরিবেশ সুরক্ষিত থাকে এবং সড়কে যানবাহনের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ বজায় থাকে—সব দিক বিবেচনা করেই নতুন বিধি ও নীতিমালা বাস্তবায়ন করা হবে।

ট্যাগ
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 07 Sep, 2026 • 07:24 PM
বিজ্ঞাপন (Compact)