জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টায় (বাংলাদেশ সময়) বিশ্বনেতাদের সামনে মাতৃভাষা বাংলায় ভাষণ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউইয়র্ক স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি হলে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ। এর মধ্য দিয়ে তার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি।
এর আগে গত ২১ সেপ্টেম্বর পাঁচ দিনের সরকারি সফরে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সংবর্ধনা অনুষ্ঠান, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক ফোরামে অংশ নেন।
এ ছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
আজকের ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন, জলবায়ু ন্যায়বিচার, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গার নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি সুনির্দিষ্ট ও কার্যকর রোডম্যাপের দাবিও জানাতে পারেন প্রধানমন্ত্রী।