পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব মসজিদের পূর্ব সাহানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হবে।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এসব তথ্য জানিয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত বায়তুল মোকাররমের পূর্ব সাহানে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ-নসিহত করবেন।
পক্ষকালব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে ওয়াজ-মাহফিল, কিরাত মাহফিল ও হামদ-নাত। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন করা হবে। এসব সেমিনার বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
তরুণ প্রজন্মকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
এ ছাড়া রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী, বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ রয়েছে।
এ উপলক্ষে বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের সিরাতুন্নবী (সা.)-এর এসব জ্ঞানগর্ভ অনুষ্ঠান ও বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।