ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন অনুষ্ঠান আজ বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।
এর আগে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গতকাল শুক্রবার সকাল ১০টায় মেলা উদ্বোধনের কথা ছিল। তবে অনিবার্য কারণে উদ্বোধনের সময় পরিবর্তন করে শনিবার বিকেল সাড়ে ৫টা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মাসব্যাপী এ বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন গ্রন্থ প্রদর্শন ও বিক্রি করা হবে। পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বইও পাওয়া যাবে।
আয়োজকদের আশা, এ বইমেলার মাধ্যমে ইসলামী জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বিস্তারের পাশাপাশি মানুষের মধ্যে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে পাঠকেরা ইসলামী সাহিত্য ও গবেষণাধর্মী বিভিন্ন গ্রন্থের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
আজ বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাসব্যাপী এ আয়োজন। উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।