পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের আয়োজনে এবারের বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান, ইসলামী বইয়ের প্রকাশকসহ মোট ২০৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
আয়োজকদের আশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামী সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে বইমেলাটি জ্ঞানচর্চা ও ইসলামী সংস্কৃতির একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।
মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামী দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্য এবং শিশু-কিশোরদের উপযোগী ইসলামী গ্রন্থসহ বিভিন্ন বিষয়ের বিপুলসংখ্যক বই পাওয়া যাবে।
দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ইসলামী প্রকাশনা সংস্থাও মেলায় তাদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে। ফলে ইসলামী জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকরা একই স্থানে বিভিন্ন প্রকাশকের বই দেখার পাশাপাশি পছন্দের গ্রন্থ সংগ্রহের সুযোগ পাবেন।
ইসলামিক ফাউন্ডেশন মনে করছে, এ বইমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে পবিত্র কোরআন, হাদিস, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে বইমেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।