ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচন একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ মন্তব্য করেন।
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এবং হুইপ মো. জি কে গউছ এমপি, রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, মো. আখতারুজ্জামান মিয়া এমপি ও এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি অংশ নেন।
সভায় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে সভায় আলোচনা হয়। এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ নিশ্চিত করা হয়।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে যাবতীয় লজিস্টিক সাপোর্ট ও প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচন পরিচালনা করবেন।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।