রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে একটি পুলিশ ভ্যানে করে তাকে পল্টন থানায় নেওয়া হয়।
আটকের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করেন আবু জাফর সূর্য। সেখানে তিনি লেখেন, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় তাকে এবং আরও অনেককে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, পরে তাকে পল্টন থানায় নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, জাসদের কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করে।
পুলিশের দাবি, ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া কয়েকজন পরে গুলিস্তানের জাসদ কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। এর আগে ওই কার্যালয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন বলে জানা যায়।
বিষয়টি জানাজানি হলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন। পরে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন।
বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।