আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 3:38
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন নয়, জানুয়ারির দিকে ভোটের পরিকল্পনা

Front line Bangladesh 24 Sep, 2026 • 06:21 PM
ছবির ক্যাপশন: নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন নয়, জানুয়ারির দিকে ভোটের পরিকল্পনা

নভেম্বর-ডিসেম্বরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা থাকায় ওই সময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। লাখ লাখ শিক্ষার্থীর পড়াশোনায় যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচনের সম্ভাব্য সময় কিছুটা পেছানোর চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা রয়েছে। এ সময়ে নির্বাচন আয়োজন করা কঠিন। কারণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এসব পরীক্ষার দায়িত্বে নিয়োজিত থাকতে হয়।

তিনি জানান, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হলে বা জানুয়ারির দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে নির্বাচন আয়োজন করা হতে পারে। সম্ভাব্য ভোটের তারিখের ৪০ থেকে ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা করছে কমিশন।

এর আগে ১২ নভেম্বর সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। পরে সময় পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন আইন ও সংবিধান অনুযায়ী কাজ করে। ওই সময়ে নির্বাচন হলে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, গত বছর বন্যার কারণে ইন্টারমিডিয়েট পরীক্ষার কিছু সময়সূচি পরিবর্তন করতে হয়েছিল। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও পরীক্ষার আগে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হলে শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আগামী বছরের শুরুতে রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়গুলোও বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।

জানুয়ারিতে নির্বাচন শুরু হলে ৬ জুনের মধ্যে ভোটগ্রহণ শেষ করা সম্ভব হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে অনেক ইউনিয়ন পরিষদের নির্বাচন মামলা-মোকদ্দমা, সীমানা বিরোধ ও নতুন ইউনিয়ন সৃষ্টির মতো আইনি জটিলতায় আটকে আছে বলেও জানান তিনি। এসব জটিলতা নিষ্পত্তি হলে নির্বাচনের পরিধি আরও বাড়তে পারে।

স্থানীয় সরকার নির্বাচন পেছানোর সিদ্ধান্ত সরকারের চাপের কারণে কি না—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো চাপের কারণে নির্বাচন কমিশন কাজ করছে না।

তিনি বলেন, “বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই সম্ভাব্য তারিখ কিছুটা পেছানোর চিন্তা করা হচ্ছে।” লাখ লাখ শিক্ষার্থীর লেখাপড়ায় যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেটিই সময় পরিবর্তনের অন্যতম বিবেচনা বলে জানান তিনি।

নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, কমিশন বাস্তবতা-বিবর্জিত কোনো সিদ্ধান্ত নেয় না এবং আইন ও সংবিধানের বাইরে যায় না।

তফসিল ঘোষণার পর নির্বাচনী প্রচারণা শুরু হলে শিক্ষার্থীদের পরীক্ষায় প্রভাব পড়তে পারে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগ
নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন নয় জানুয়ারির দিকে ভোটের পরিকল্পনা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 24 Sep, 2026 • 06:21 PM
বিজ্ঞাপন (Compact)