ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক
দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
তিনি জানান, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। এরপর পর্যায়ক্রমে কয়েকটি ধাপে দেশের অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কোনো আইন বা সংশোধনী কার্যকর না হলে বিদ্যমান আইন ও আইনি কাঠামোর ভিত্তিতেই নির্বাচন আয়োজন করবে কমিশন।
ইসি মনে করছে, বর্তমান আইন বহাল থাকলে নির্ধারিত সময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বড় ধরনের আইনি বা কার্যগত জটিলতা তৈরি হবে না।