ফ্রন্টলাইন বাংলাদেশ | বিনোদন ডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্মানে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশজুড়ে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান।
আয়োজনের প্রথম পর্বে থাকবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।
স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
আলোচনা পর্ব শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে উৎসবের দ্বিতীয় পর্ব—নৃত্য পরিবেশনা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, নজরুলের গান, ছন্দ, ভাব, প্রেম, দ্রোহ, সাম্য ও মানবিকতার চেতনাকে সমকালীন নৃত্যভাষায় তুলে ধরা হবে এ উৎসবে। নজরুলের বহুমাত্রিক সৃষ্টিশীলতার সঙ্গে নৃত্যের সৃজনশীল সংলাপের মাধ্যমে তৈরি হবে বিভিন্ন নৃত্যপরিবেশনা।
তবে দুই দিনের এ উৎসবে কোন কোন শিল্পী নৃত্য পরিবেশন করবেন, তাদের নাম এখনো প্রকাশ করেনি একাডেমি কর্তৃপক্ষ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের সব পরিবেশনা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।