আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 10:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

দুই দিনের সফর শেষে ঢাকার পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

Front line Bangladesh 07 Sep, 2026 • 06:13 PM
ছবির ক্যাপশন: দুই দিনের সফর শেষে ঢাকার পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। পরে দুপুর ১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি।

প্রটোকল অনুযায়ী, তাঁর দুপুর ২টা ১০ মিনিটে রওনা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগেই ঠাকুরগাঁও ত্যাগ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্টরা তাঁকে বিদায় জানান।

এর আগে রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে পৌঁছে রাষ্ট্রপতি তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন। পরে নিজ বাসভবনে গিয়ে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে নাগরিক সংবর্ধনায় যোগ দেন। বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

সফরের দ্বিতীয় দিনে সোমবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। পরে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির উন্নয়নে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সরকারি সফর। সফরকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।

ট্যাগ
দুই দিনের সফর শেষে ঢাকার পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 07 Sep, 2026 • 06:13 PM
বিজ্ঞাপন (Compact)