আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:39
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য বদলের প্রত্যয় : প্রতিমন্ত্রী টুকু

Front line Bangladesh 08 Oct, 2026 • 04:42 PM
ছবির ক্যাপশন: তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য বদলের প্রত্যয় : প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচরে চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশকে বুকে ধারণ করে কাজ করছেন। দেশের উন্নয়ন হলে সবার উন্নয়ন হবে। আমরা চাই দেশটি উন্নত হোক এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটুক।

ইলিশকে জাতীয় সম্পদ ও জিআই পণ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইলিশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি সবার দায়িত্ব। সম্মিলিতভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবেন জেলেরা।

তিনি বলেন, ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। যেকোনো মূল্যে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরা বন্ধ রাখতে হবে। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ রয়েছে।

নিষেধাজ্ঞার সময়ে কেউ যাতে নদীতে ইলিশ ধরতে না পারে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

মাদারীপুরকে ইলিশের গুরুত্বপূর্ণ অঞ্চল উল্লেখ করে টুকু বলেন, পদ্মা নদীতে সুস্বাদু রুপালি ইলিশ পাওয়া যায়। ইলিশের উৎপাদন বাড়লে সবচেয়ে বেশি উপকৃত হবেন জেলেরা। তাই ২২ দিনের এই কষ্টকে ভবিষ্যতের সম্পদ হিসেবে দেখতে হবে। এই সময়ে ইলিশ ধরা বন্ধ রাখা গেলে উৎপাদন বাড়বে এবং জেলেদের আয় ও সম্পদও বৃদ্ধি পাবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জলাশয় উন্মুক্ত থাকবে, ‘জাল যার, জলা তার’। সরকার জেলেদের পাশে আছে এবং তাদের স্বার্থ রক্ষায় কাজ করছে। নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করতে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।

মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাবীব খান এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।

এ সময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জেলে ও ভিজিএফের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

পরে ১৫১টি জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে সরকারি সহায়তার ভিজিএফের চাল বিতরণ করা হয়।

ট্যাগ
তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য বদলের প্রত্যয় : প্রতিমন্ত্রী টুকু
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 08 Oct, 2026 • 04:42 PM
বিজ্ঞাপন (Compact)