প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ‘আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। সঠিক সময়ে সব আয়োজন হবে।’
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ভারত সরকারের পক্ষ থেকে সবসময় ভারত সফরের আমন্ত্রণ রয়েছে এবং বিষয়টি তারেক রহমান জানেন। দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার কার্যক্রম থেমে থাকার কারণ নেই। বৈঠক আজ না হলেও ভবিষ্যতে হতে পারে। তবে বৈঠকের অপেক্ষায় না থেকে বাস্তব কাজ এগিয়ে নেওয়া এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করা জরুরি।
পরিবেশ ও জলবায়ু ইস্যুতে দুই দেশের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, বাতাস, নদী, জলবায়ু ও বন্যপ্রাণীর কোনো সীমান্ত নেই। তাই এসব সীমান্তহীন সংকট যৌথ উদ্যোগে মোকাবিলা করতে হবে।
তিনি কার্বন ক্রেডিট, সুন্দরবন সংরক্ষণ ও হাতি চলাচলের করিডোর ব্যবস্থাপনার মতো বিষয়ে কর্মকর্তা পর্যায়ে সুনির্দিষ্ট অগ্রগতির ওপর গুরুত্ব দেন।
এর আগে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠকে পরিবেশ, জলবায়ু ও প্রাণীসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ভারতের হাইকমিশনার।
পরিবেশমন্ত্রী বলেন, রাজনৈতিক বা প্রশাসনিক সমীকরণের চেয়ে দুই দেশের জনগণের স্বার্থ এবং বাণিজ্যিক ও পরিবেশগত নির্ভরতা বেশি গুরুত্বপূর্ণ। তাই সহযোগিতার পথ থেমে থাকবে না এবং কর্মকর্তা পর্যায়ে আলোচনা ও যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।