আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 2:18
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ঢাকার যানজট নিরসনে মনোরেল, এগোচ্ছে রুট নির্ধারণের উদ্যোগ

Front line Bangladesh 29 Sep, 2026 • 12:27 PM
ছবির ক্যাপশন: ঢাকার যানজট নিরসনে মনোরেল, এগোচ্ছে রুট নির্ধারণের উদ্যোগ

রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে ঢাকায় মনোরেল চালুর উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। কোন কোন রুটে মনোরেল চালানো সম্ভব, তা নির্ধারণে ছয় মাসের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা শুরু করতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গবেষণা, পরীক্ষা ও পরামর্শ ব্যুরো (বিআরটিসি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে ডিটিসিএ ভবনে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। ডিটিসিএর পক্ষে অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. মো. মসিউর রহমান এবং বুয়েট-বিআরটিসির পক্ষে পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমদ চুক্তিতে স্বাক্ষর করেন।

‘ঢাকা মহানগর অঞ্চলে ম্যাস ট্রানজিট নেটওয়ার্কের সঙ্গে মনোরেল অ্যালাইনমেন্ট একীকরণের প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক সেবা’ শীর্ষক এ সমীক্ষায় ঢাকায় মনোরেল চালুর কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত সম্ভাব্যতা যাচাই করা হবে।

সমীক্ষার আওতায় ইউআরএসটিপিতে প্রস্তাবিত পাঁচটি মনোরেল রুটসহ মহানগর এলাকার অন্যান্য সম্ভাব্য রুট বিশ্লেষণ করা হবে। সেখান থেকে দ্রুত বাস্তবায়নের উপযোগী দুটি অগ্রাধিকার করিডোর চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সম্ভাব্য রুট ও অ্যালাইনমেন্ট, স্টেশন ও ডিপোর স্থান, যাত্রী চাহিদা, কারিগরি ও কাঠামোগত উপযোগিতা এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন করা হবে।

বিদ্যমান ও পরিকল্পনাধীন মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনের সঙ্গে মনোরেলের সংযোগ ও সমন্বয়ের বিষয়টিও গুরুত্ব পাবে। বিশেষ করে যেসব এলাকায় বিদ্যমান গণপরিবহন ব্যবস্থার পরিপূরক বা ফিডার সার্ভিস হিসেবে মনোরেল যুক্ত করা সম্ভব, সেসব এলাকাও চিহ্নিত করা হবে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান বলেন, ঢাকা মহানগরে জনসংখ্যা ও যাতায়াতের চাহিদা বাড়ার সঙ্গে যানজটও তীব্র হচ্ছে। তাই বহুমাত্রিক ও সমন্বিত গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, যেসব এলাকায় রাস্তা তুলনামূলক সংকীর্ণ ও ঘনবসতিপূর্ণ এবং ভারী মেট্রোরেলের অবকাঠামো নির্মাণ কঠিন, সেখানে মনোরেল একটি সম্ভাব্য বিকল্প হতে পারে। উঁচু কাঠামোর ওপর পরিচালিত হওয়ায় সীমিত ভূমি ব্যবহার করে মনোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের সম্ভাবনাও যাচাই করা হবে।

সরকারি অর্থায়নে পরিচালিত ছয় মাসের এ সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ঢাকার মনোরেল করিডোর নির্বাচন, ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং গণপরিবহন নিয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগ
ঢাকার যানজট নিরসনে মনোরেল এগোচ্ছে রুট নির্ধারণের উদ্যোগ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 29 Sep, 2026 • 12:27 PM
বিজ্ঞাপন (Compact)