আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 4:43
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জ্বালানি তেলের দাম বাড়তেই বাসের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন

Front line Bangladesh 23 Sep, 2026 • 01:00 PM
ছবির ক্যাপশন: জ্বালানি তেলের দাম বাড়তেই বাসের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

প্রজ্ঞাপনে সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষর করেন। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটের বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাসচালিত বাস ও মিনিবাসের জন্য এ ভাড়ার হার কার্যকর হবে না।

এ ছাড়া আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

নতুন ভাড়ার তালিকা প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর বিআরটিএ সিটি সার্ভিসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে চূড়ান্ত প্রজ্ঞাপনে তিন শ্রেণির ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

নতুন ভাড়া কার্যকরের মধ্য দিয়ে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।

ট্যাগ
জ্বালানি তেলের দাম বাড়তেই বাসের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 23 Sep, 2026 • 01:00 PM
বিজ্ঞাপন (Compact)