আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 10:58
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু আজ

Front line Bangladesh 08 Sep, 2026 • 10:57 AM
ছবির ক্যাপশন: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু আজ

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে এক বছরের জন্য বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় ফোরামটির সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের উদ্বোধন করবেন তিনি। দায়িত্ব গ্রহণের মাধ্যমে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন খলিলুর রহমান। ৮১তম অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।

অধিবেশন শুরুর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। গত ২ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা থাকায় বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন খলিলুর রহমান।

প্রায় চার দশক পর আবারও কোনো বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন।

জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত সাধারণ পরিষদ সংস্থাটির প্রধান নীতিনির্ধারণী ও আলোচনার ফোরাম। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও মানবাধিকারসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে এখানে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু আজ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 08 Sep, 2026 • 10:57 AM
বিজ্ঞাপন (Compact)