ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য ঊর্ধ্বতন সদস্যরাও উপস্থিত ছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এর আগে সকালে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ঐতিহ্যবাহী স্বাগত প্রাতরাশে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে এ প্রাতরাশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৮ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে।