আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 2:18
লগইন
9+
অনলাইন সংস্করণ 4 মিনিটে পড়ুন ARTICLE

জরিপে তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

Front line Bangladesh 19 Aug, 2026 • 07:39 PM
ছবির ক্যাপশন: জরিপে তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

দেশের ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট বলে এক জাতীয় জনমত জরিপে উঠে এসেছে। ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড পরিচালিত ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এর ফলাফল বুধবার (১৯ আগস্ট) প্রকাশ করা হয়েছে।

জরিপে অংশ নেওয়া ৬৬ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক বলেছেন, প্রধানমন্ত্রী তার দায়িত্ব ভালোভাবে পালন করছেন। বিপরীতে ২১ দশমিক ৬ শতাংশ বলেছেন, তিনি ভালো করছেন না। আর ১২ দশমিক ১ শতাংশ কোনো মতামত দেননি বা উত্তর দিতে চাননি।

বেসরকারি প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিংয়ের অর্থায়ন ও সহায়তায় পরিচালিত জরিপটির মাঠপর্যায়ের কাজ হয়েছে চলতি আগস্টে। সরাসরি সাক্ষাৎকার নেওয়া প্রাপ্তবয়স্কদের একটি প্যানেলের ওপর পরিচালিত এ জরিপে ১০ হাজার ৪১৩টি কল করা হয়।

জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ১৮০ দিনের কাজ নিয়ে মানুষের মূল্যায়নকে ‘সতর্ক আশাবাদ’ বলা যায়। প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি সন্তুষ্টি থাকলেও দেশ কোন পথে এগোচ্ছে, তা নিয়ে মানুষের মধ্যে বিভক্তি রয়েছে। একই সঙ্গে দৈনন্দিন জীবনের উন্নতি নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি সরকারের চেয়ে বেশি

জরিপে সরকারের কাজকে ভালো বলেছেন ৫৪ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। বিপরীতে ৩২ দশমিক ৯ শতাংশ সরকারের কাজকে খারাপ বলেছেন।

বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয়—সব শ্রেণিতেই প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টির হার ৬১ দশমিক ৭ থেকে ৭০ দশমিক ৩ শতাংশের মধ্যে রয়েছে। দেশের আটটি বিভাগের প্রতিটিতেই এ হার ৬২ দশমিক ৩ শতাংশ বা তার বেশি।

দলীয় সমর্থকদের মধ্যেও প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা দেখা গেছে। জামায়াতে ইসলামীর সমর্থকদের ৬৫ দশমিক ৫ শতাংশ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের ৬৫ দশমিক ৮ শতাংশ এবং আওয়ামী লীগের সমর্থকদের ৫২ দশমিক ৫ শতাংশ প্রধানমন্ত্রীকে নিয়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন।

দেশ সঠিক পথে, মনে করেন ৪৮.৬ শতাংশ

জরিপে অংশ নেওয়া ৪৮ দশমিক ৬ শতাংশ মনে করেন, দেশ সঠিক পথে চলছে। বিপরীতে ৩৫ দশমিক ৬ শতাংশ মনে করেন, দেশ ভুল পথে চলছে। ১৫ দশমিক ৮ শতাংশ এ প্রশ্নে কোনো উত্তর দেননি।

দলীয় সমর্থনের ক্ষেত্রে বিএনপির ৬৫ দশমিক ৫ শতাংশ মনে করেন দেশ সঠিক পথে রয়েছে। আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে এ হার ৩৪ দশমিক ৪ শতাংশ।

বিদ্যুৎ-জ্বালানি ও নিত্যপণ্যের দাম বড় উদ্বেগ

দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে ৫৯ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা বিদ্যুৎ ও জ্বালানিকে এবং ৫৯ দশমিক ১ শতাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামকে চিহ্নিত করেছেন। এরপর রয়েছে আইনশৃঙ্খলা ৩২ দশমিক ৬ শতাংশ এবং কর্মসংস্থান ৩০ দশমিক ৮ শতাংশ।

বিদ্যুৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে ৮৯ দশমিক ৪ শতাংশ, জ্বালানি ও গ্যাসের ক্ষেত্রে ৭৯ দশমিক ৬ শতাংশ এবং নিত্যপণ্যের মূল্যের ক্ষেত্রে ৬৯ দশমিক ১ শতাংশ উত্তরদাতা সরকারের কাজকে খারাপ বলেছেন।

সামনের দিন নিয়ে আশাবাদী অনেকে

৪৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, এক বছর আগের তুলনায় তাদের পরিবারের অবস্থা খারাপ হয়েছে। বিপরীতে ১৭ দশমিক ৫ শতাংশ বলেছেন, তাদের অবস্থা ভালো হয়েছে।

আগামী ১২ মাসে পারিবারিক অবস্থা ভালো হবে বলে আশা করছেন ৩৮ দশমিক ১ শতাংশ। খারাপ হবে বলে মনে করেন ২৪ দশমিক ৩ শতাংশ।

দেশের ভবিষ্যৎ নিয়েও ৪৮ দশমিক ৪ শতাংশ আগের বছরের তুলনায় বেশি আশাবাদী। ৩৯ শতাংশ কম আশাবাদী এবং ৬ দশমিক ২ শতাংশের মতে পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি।

ফ্যামিলি কার্ড ও করনীতিতে সমর্থন

জরিপে ফ্যামিলি কার্ডের প্রতি ৭৮ দশমিক ৬ শতাংশ, করনীতির প্রতি ৭০ দশমিক ৭ শতাংশ এবং গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে ৭০ শতাংশ সমর্থন জানিয়েছেন।

এদিকে বিরোধী নেতাদের মধ্যেও উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতা দেখা গেছে। জামায়াতে ইসলামীর আমিরের কাজকে ভালো বলেছেন ৪৭ দশমিক ৭ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাতা আহ্বায়কের কাজকে ভালো বলেছেন ৩৯ দশমিক ৮ শতাংশ।

নারীদের নিরাপত্তাবোধে তুলনামূলক ঘাটতিও উঠে এসেছে জরিপে। নিজের এলাকায় সন্ধ্যার পর একা হাঁটতে নিরাপদ বোধ করেন ৬৪ দশমিক ৩ শতাংশ নারী। পুরুষদের ক্ষেত্রে এ হার ৭০ দশমিক ৯ শতাংশ।

প্রকাশ্যে ধর্ম পালন করতে নিরাপদ বোধ করেন ৯৫ দশমিক ২ শতাংশ উত্তরদাতা। মুসলিমদের মধ্যে এ হার ৯৭ দশমিক ১ শতাংশ হলেও হিন্দু উত্তরদাতাদের মধ্যে তা ৮২ শতাংশ।

ট্যাগ
জরিপে তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 19 Aug, 2026 • 07:39 PM
বিজ্ঞাপন (Compact)