আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:34
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

ছয় মাসে ইশতেহারের অধিকাংশ লক্ষ্য পূরণ হয়েছে: রিজভী

Front line Bangladesh 14 Aug, 2026 • 06:06 PM
ছবির ক্যাপশন: ছয় মাসে ইশতেহারের অধিকাংশ লক্ষ্য পূরণ হয়েছে: রিজভী
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে নির্বাচনী ইশতেহার ও ঘোষিত কর্মসূচির অধিকাংশ লক্ষ্য পূরণ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কোথাও ১০০ শতাংশ, আবার কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টো ও ৩১ দফা ইশতেহার অনুযায়ী সরকারের কতটুকু লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ছয় মাসের মধ্যে সরকারের মোট অঙ্গীকারের অধিকাংশই পূরণ হয়েছে। এর বিস্তারিত লিখিত বর্ণনা বা বুকলেট আগামী এক-দুই দিনের মধ্যে দেওয়া হবে বলেও জানান তিনি।

রিজভী বলেন, ‘কোথাও হয়তো ১০০ শতাংশ না হলেও সেখানে ৯৫ শতাংশ, ৯০ শতাংশ, কোথাও ১০০ শতাংশ রয়েছে।’

ছয় মাসকে সরকারের ‘প্রস্তুতিপর্ব’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে যেসব অঙ্গীকার করা হয়েছিল, সেগুলোর অধিকাংশই পূরণ হয়েছে। একটি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনকে গুছিয়ে নেওয়া এবং কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি নিতে সময় লাগে।

তিনি বলেন, ‘প্রস্তুতি পর্ব বা কর্মসূচিগুলো জোরালো গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা রানআপ করতে হয়, সেই সময় যায় ছয় মাস থেকে এক বছর। তো সেইটা মোটামুটি একটা গুছিয়ে নেওয়া।’

রিজভী আরও বলেন, প্রশাসনকে গুছিয়ে নিয়ে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হচ্ছে। পরবর্তী ছয় মাসে সরকারের কর্মসূচিগুলো আরও জোরালোভাবে বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুলের পদত্যাগ প্রসঙ্গ

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ প্রসঙ্গেও কথা বলেন রিজভী।

এর আগে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেওয়ার আগ পর্যন্ত মির্জা ফখরুল দলীয় ও মন্ত্রণালয়ের পদে বহাল থাকবেন।

এ বিষয়ে রিজভী বলেন, সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তার বক্তব্যের কোনো বিরোধ নেই। আইনগতভাবে রাষ্ট্রপতির শপথ নেওয়ার আগে দলীয় পদ বা মন্ত্রিত্ব ছাড়ার কোনো বাধ্যবাধকতা নেই।

তবে মির্জা ফখরুল দলের মহাসচিব এবং বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় নৈতিক কারণে তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান রিজভী।

তিনি বলেন, ‘যেহেতু উনি দলের মহাসচিব, রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে; এ কারণে তিনি মনে করেছেন নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করবেন।’

নতুন মহাসচিব কবে?

বিএনপির পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, দল যখন যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই বিষয়টি জানানো হবে।

তিনি বলেন, ‘এখানে কোনো ঘাটতি থাকবে না। আমাদের প্রতিটি পদক্ষেপ দেখেছেন—আমরা আপনাদের জানিয়ে দিয়েছি।’
ট্যাগ
ছয় মাসে ইশতেহারের অধিকাংশ লক্ষ্য পূরণ হয়েছে: রিজভী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 14 Aug, 2026 • 06:06 PM
বিজ্ঞাপন (Compact)