আজকের তারিখঃ 29 অক্টোবর, 2026 সময়ঃ 10:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

চীন থেকে বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী

Front line Bangladesh 13 Sep, 2026 • 08:09 PM
ছবির ক্যাপশন: চীন থেকে বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী

ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, চীনের কিছু বুলেট ট্রেন ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতিতে চলতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে গতি কিছুটা কম হলেও তা গ্রহণযোগ্য হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া সরকার আবার ফিরে এসেছে—বিশ্বে এমন কোনো নজির নেই। একই সঙ্গে কোনো সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাও নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের উদ্দেশে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন চিন্তা করা ‘দুরাশা’। বরং দলটির নিজেদের শুদ্ধিকরণ প্রক্রিয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত।

ময়মনসিংহে নতুন বিমানবন্দরের অগ্রাধিকার

দেশের বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে আটটি বিমানবন্দর চালু রয়েছে। এর মধ্যে কয়েকটি বিমানবন্দর দুর্বল অবস্থায় রয়েছে। সামনে দেশে বেশ কয়েকটি নতুন উড়োজাহাজ আসছে। তাই আগামী ১০ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

শেরপুরের পর্যটন ও অবকাঠামো উন্নয়ন নিয়েও কথা বলেন বিমানমন্ত্রী। তিনি জানান, ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণ এবং আকস্মিক পাহাড়ি ঢল থেকে সুরক্ষায় মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ জেলার উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশসহ অনেকে।

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী সার্কিট হাউস মিলনায়তনে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ট্যাগ
চীন থেকে বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 13 Sep, 2026 • 08:09 PM
বিজ্ঞাপন (Compact)