নিজস্ব প্রতিবেদক
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচন কমিশনের (ইসি) পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হতে পারে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, সরকারকে না জানিয়ে নির্বাচন কমিশন এর আগে একটি তারিখ ঘোষণা করেছিল। বিষয়টি তুলে ধরার পর কমিশন সচিব পর্যায়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে। পরে সিদ্ধান্ত নিয়ে কমিশন জানিয়েছে, আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু ও শেষ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, রমজান, এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই নির্বাচন কমিশন এ সময়সীমা নির্ধারণ করে থাকতে পারে। কারণ, এসব শিক্ষাপ্রতিষ্ঠান সাধারণত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।
তবে নির্বাচন কমিশন ঠিক কবে ভোট শুরু ও শেষ করবে এবং এতে মোট কত টাকা ব্যয় হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে সরকারকে জানানো হয়নি বলে জানান তিনি।
মীর শাহে আলম বলেন, নির্বাচন শুরুর সময় নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। সরকার এ বিষয়ে অর্থ বরাদ্দের প্রস্তুতি রেখেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিশনের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী। তার দেওয়া হিসাব অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে।
এ ছাড়া দেশের প্রায় ৩৩০টি পৌরসভা ও ১৩টি সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলকভাবে কম ব্যয় হবে বলে জানান তিনি।
চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই—এ কথা আবারও উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী আগামী বছরের ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার লক্ষ্য থাকায় মনে হচ্ছে, আগামী বছর থেকেই নির্বাচন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিচ্ছে কমিশন।
তিনি জানান, সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন আরেকটি বৈঠক করে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ওই বৈঠকে সরকারের প্রতিনিধিরাও থাকবেন।
সরকারের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করা সরকারের প্রত্যাশা। তবে নির্বাচন শুরুর সময় সরকার নির্ধারণ করবে না জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনই ভোটের সময়সূচি নির্ধারণ করবে।