আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:37
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া মাহফিল

Front line Bangladesh 15 Aug, 2026 • 10:50 AM
ছবির ক্যাপশন: খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া। মৃত্যুর পর এবারই প্রথম জন্মদিনে তাকে স্মরণ করছে দল ও তার অনুসারীরা।

বিগত কয়েক বছরের মতো এবারও জন্মদিন ঘিরে নেই কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন। খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট স্থায়ীভাবে মুক্তি পান খালেদা জিয়া। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভোগার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে খালেদা জিয়ার। ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের পর ধীরে ধীরে দলের নেতৃত্বে উঠে আসেন। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। পরবর্তী সময়ে আরও দুই দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি দুবার সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্বও পালন করেন।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল নির্বাচনী সাফল্য। পাঁচটি সংসদ নির্বাচনে মোট ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই জয় পান তিনি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত চারটি নির্বাচনে প্রতিবার পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে সবকটিতে বিজয়ী হন। ২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও তিনটিতেই জয়ী হন।

ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি কারাবন্দি ছিলেন। পরে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আবারও কারাগারে যান। করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি।

এদিকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিকেলে ঢাকা-১৭ আসনের মহাখালী কড়াইল বস্তি এলাকার টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে অনুদান বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল বাদ জুমা বেড়াবালা গরীবপুর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেশব্যাপী আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ট্যাগ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দেশজুড়ে দোয়া মাহফিল
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 15 Aug, 2026 • 10:50 AM
বিজ্ঞাপন (Compact)