আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নি পরীক্ষা’—ডিএমপি কমিশনার

Front line Bangladesh 06 Oct, 2026 • 06:32 PM
ছবির ক্যাপশন: এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নি পরীক্ষা’—ডিএমপি কমিশনার

রাজধানীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম বড় হিন্দু ধর্মীয় উৎসব হিসেবে এবারের দুর্গাপূজা তাদের জন্য ‘অগ্নি পরীক্ষা’।

মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মহালয়া থেকে দুর্গাপূজা এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর এলাকার প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পাশাপাশি মণ্ডপের ইনচার্জরা বডিওর্ন ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, পূজা চলাকালে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

পূজা উদযাপন পরিষদের নেতাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, নিজেদের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেষ্ট থাকতে হবে। পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপরও নজরদারি রাখতে হবে। কোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

মোসলেহ্ উদ্দীন আহমদ আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দঘন, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হবে।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতারা পূজামণ্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নি পরীক্ষা’—ডিএমপি কমিশনার
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 06 Oct, 2026 • 06:32 PM
বিজ্ঞাপন (Compact)