আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 0:58
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

Front line Bangladesh 17 Aug, 2026 • 04:20 PM
ছবির ক্যাপশন: আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে সক্রিয় সেল গঠনের মাধ্যমে সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়েদা নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে—জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এমন প্রতিবেদনকে ‘অনুমাননির্ভর’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, অনুমানের ওপর তৈরি কোনো প্রতিবেদনের ভিত্তিতে সরকার পদক্ষেপ নিতে পারে না।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে আল কায়েদা ঘাঁটি গড়ার চেষ্টা করছে—জাতিসংঘের প্রতিবেদনে এমন তথ্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারা রিপোর্ট দিয়েছে? সে রিপোর্ট নিয়ে আমি শুনেছি, সেটা পড়িনি। ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।’

সরকার প্রতিবেদনটি আমলে নিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না। রিপোর্ট এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা অ্যাকশন নিতে পারি না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণই সন্তুষ্টির বিষয়টি বলবে। তবে সরকার সবসময় মনে করে, পরিস্থিতির উন্নতি করতে পেরেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে।’

তিনি বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস পার হয়েছে। এর মধ্যেই বিভিন্ন সংস্কার কার্যক্রম করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ জনগণ দেখতে পেয়েছে।

সংকট মোকাবিলায় সফলতার দাবি

সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনে বিভিন্ন সংকট সফলভাবে মোকাবিলা করার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কয়েকটি সংকটময় পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সংকট তৈরি হলেও বাংলাদেশে দীর্ঘ এক মাস কোনো জ্বালানি তেল বা গ্যাসের দাম বাড়ানো হয়নি বলে দাবি করেন তিনি।

গ্যাস সংকট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য কারণে সমস্যা তৈরি হয়। পাশাপাশি আগের সরকারের সময়ে তৈরি হওয়া আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসতে দেশের অভ্যন্তরে এবং অফশোর-অনশোরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের নিজস্ব সম্পদ দিয়ে গ্যাসের সংকটের সমাধান করা সম্ভব হবে।

কৃষি ও খাদ্য নিরাপত্তায় নানা উদ্যোগ

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির অগ্রগতির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম মন্ত্রিসভা বৈঠকে কৃষিঋণের ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুদান ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা প্রায় বাস্তবায়িত হয়েছে। খাদ্য প্রকিউরমেন্ট সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি হিসেবে তিনি বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলেও দাবি করেন।

ট্যাগ
আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 17 Aug, 2026 • 04:20 PM
বিজ্ঞাপন (Compact)