ডেস্ক রিপোর্ট:
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কেউ আদায় করলে জরিমানার পাশাপাশি তার রুট পারমিট বাতিল করা হবে। ভবিষ্যতে ওই পরিবহনের রুট পারমিট দেওয়া হবে কি না, সে বিষয়েও জবাবদিহি করতে হবে।
নতুন নির্ধারিত বাসভাড়ার প্রজ্ঞাপন মঙ্গলবারই প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, গেজেট প্রকাশের পরই নতুন ভাড়া কার্যকর হবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ভাড়া সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া প্রায় ১ পয়সা বাড়ানোর দাবি থাকে।
তিনি বলেন, এবার প্রতি লিটার জ্বালানির দাম ২০ টাকা বেড়েছে। সে হিসেবে পরিবহন মালিকদের পক্ষ থেকে ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি ছিল। পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধি ও যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির বিষয়টিও তারা বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছিলেন।
তবে সরকার জনস্বার্থ বিবেচনায় নিয়ে ২০ পয়সার পরিবর্তে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, পরিবহন খাতের পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে। ডলারের মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ও আনুষঙ্গিক পণ্যের দামও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সরকার ভাড়া সমন্বয় করেছে।
‘ভাড়া কমাতে পারলে ভালো লাগতো’—এমন মন্তব্যও করেন রবিউল আলম।
ইতোমধ্যে বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আগেরবার ভাড়া ১১ পয়সা বাড়ানোর পর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার ঘটনা ব্যাপকভাবে ঘটেনি। এবারও ১৭ পয়সা বাড়ানোর পর নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত আদায় করতে দেওয়া হবে না।
তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া দাবি করার প্রবণতা থাকতে পারে বলে স্বীকার করেন তিনি। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
রেলের ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, আগেরবার বাসভাড়া বাড়ানো হলেও রেলের ভাড়া বাড়ানো হয়নি। এবারও এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
এদিকে লঞ্চভাড়া নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী। আগামী পরশু সংশ্লিষ্ট বৈঠকে বিষয়টি চূড়ান্ত করার পাশাপাশি লঞ্চ মালিক সমিতির সঙ্গে ভাড়া নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।