আজকের তারিখঃ 28 অক্টোবর, 2026 সময়ঃ 4:47
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Front line Bangladesh 24 Aug, 2026 • 04:40 PM
ছবির ক্যাপশন: অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও এই বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে বিমান ও পর্যটন খাত নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। আগামী অক্টোবরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কক্সবাজারের সঙ্গে বিভিন্ন দেশের সরাসরি বিমান যোগাযোগ তৈরি হবে এবং পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

ডিসেম্বরে চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ডিসেম্বরে চালুর লক্ষ্যে সরকার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বলেও জানান বিমানমন্ত্রী।

তিনি বলেন, ‘ডিসেম্বরে টার্মিনালটি চালুর লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।’

মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষর করা হবে।

তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা আরও বাড়বে এবং যাত্রীসেবার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর ফলে দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা আরও সহজ হবে।

সৌজন্য সাক্ষাৎকালে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ট্যাগ
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 24 Aug, 2026 • 04:40 PM
বিজ্ঞাপন (Compact)