আন্তর্জাতিক ডেস্ক
ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে। ক্রেভান নামের দ্বীপটির দাম চাওয়া হয়েছে ৫৫ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা।
ভেনিস লেগুনে অবস্থিত দ্বীপটির আয়তন প্রায় ৫ হাজার ৭০০ বর্গমিটার। ভেনিসের মূল ভূখণ্ড থেকে এর দূরত্ব প্রায় সাড়ে ৭ কিলোমিটার। সবুজ গাছপালায় ঘেরা দ্বীপটি থেকে আশপাশের ভেনিসীয় দ্বীপগুলোর বিস্তৃত দৃশ্য দেখা যায়।
ক্রেভানের সবচেয়ে বড় আকর্ষণ এর নেপোলিয়ন আমলে নির্মিত পুরোনো দুর্গ। পরবর্তী সময়ে দুর্গটির কাঠামো সংস্কার করে একটি আবাসিক ভবনে রূপ দেওয়া হয়েছে। প্রায় ২১৫ বর্গমিটারের এই ভবনে রয়েছে চারটি শোবার ঘর ও তিনটি বাথরুম।
দ্বীপটিতে নৌকা ভেড়ানোর জন্য দুটি জায়গা এবং একটি ডক বা নৌঘাট রয়েছে। সেখানে যেতে হলে নৌপথ অথবা হেলিকপ্টার ব্যবহার করতে হয়।
দ্বীপটি বিক্রির দায়িত্বে থাকা লিওনার্ড লাক্সারি রিয়েল এস্টেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিমিত্রি কর্টি বলেন, ভেনিসের এত কাছাকাছি থেকেও প্রায় পুরোপুরি নিরিবিলি ও বিচ্ছিন্ন পরিবেশ উপভোগের সুযোগ ক্রেভানকে বিশেষ করে তুলেছে।
তার ভাষ্য, প্রকৃতির মধ্যে অবস্থিত দ্বীপটি থেকে বুরানো ও তোরচেল্লো দ্বীপের দৃশ্য দেখা যায়। প্রকৃতি, ব্যক্তিগত পরিসর এবং ইতিহাস—এই তিনের সমন্বয়েই ক্রেভানের বিশেষত্ব।
ক্রেভানের কাছেই রয়েছে ভেনিসের অন্যতম পরিচিত দ্বীপ বুরানো। রঙিন বাড়িঘরের জন্য দ্বীপটি ‘ভেনিসের সবচেয়ে রঙিন দ্বীপ’ হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী লেস ও কাচের কাজের জন্যও বুরানোর খ্যাতি রয়েছে।
অন্যদিকে, প্রতিবেশী তোরচেল্লো দ্বীপে বাস করেন মাত্র প্রায় এক ডজন মানুষ। তুলনামূলক নিরিবিলি এই দ্বীপে স্থানীয় ইতিহাস ও কিংবদন্তির নানা নিদর্শন রয়েছে। এর মধ্যে ‘আত্তিলার সিংহাসন’ নামে পরিচিত একটি রহস্যময় মার্বেল আসনও রয়েছে।
ক্রেভানের বর্তমান আবাসিক ভবনটি মূলত পুরোনো দুর্গের কাঠামো ধরে সংস্কার করা হয়েছে। ফলে সম্ভাব্য নতুন মালিক শুধু একটি ব্যক্তিগত আবাসনই নয়, ভেনিস লেগুনের ইতিহাসের একটি অংশেরও মালিক হবেন বলে মন্তব্য করেছেন দিমিত্রি কর্টি।
সূত্র: ইউরোনিউজ