সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তিন প্রতিযোগী। প্রতিযোগিতার বিভিন্ন শাখায় তারা প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে পুরস্কার পেয়েছেন।
পুরুষদের তৃতীয় শাখায় পূর্ণ কোরআন হিফজ ও তাজবিদ বিভাগে বাংলাদেশের শায়খ মুহাম্মদ মাহমুদ আল-হাসান তৃতীয় স্থান অর্জন করেন। এ সাফল্যের জন্য তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল।
পুরুষদের চতুর্থ শাখায় পরপর ১৫ পারা হিফজ বিভাগে বাংলাদেশের মুহাম্মদ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেছেন। তার পুরস্কারের অর্থ ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল।
অন্যদিকে নারীদের তৃতীয় শাখায় পূর্ণ কোরআন হিফজ ও তাজবিদ বিভাগে বাংলাদেশের মুসফিরা বিনতে মাহমুদ তৃতীয় স্থান অর্জন করেন। তিনিও পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল।
এবারের প্রতিযোগিতায় পুরুষ ও নারী—উভয় বিভাগে পাঁচটি করে শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরুষদের প্রথম শাখায় সৌদি আরবের আবদুর রহমান বিন মুখতার বিন আহমদ মুহাম্মদ এবং নারীদের প্রথম শাখায় আলজেরিয়ার জুমানা শুরাইতিয়াহ প্রথম স্থান অর্জন করেন। উভয় বিজয়ীকে ৫ লাখ সৌদি রিয়াল করে পুরস্কার দেওয়া হয়েছে।
গত ৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত মক্কার পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। বিশ্বের ১৩৩টি দেশ থেকে মোট ৩৩৪ জন প্রতিযোগী এতে অংশ নেন।
এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থ ছিল ১ কোটি ২৬ হাজার সৌদি রিয়াল, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। কোরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও তাফসিরসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীরা এতে অংশ নেন।
বাংলাদেশের তিন প্রতিযোগীর এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের কোরআন শিক্ষার ঐতিহ্য এবং হিফজ বিভাগের শিক্ষার্থীদের দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।