আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:23
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

মক্কার দিকে হুথিদের ড্রোন, আকাশসীমায় ঢোকার আগেই ভূপাতিত

Front line Bangladesh 16 Sep, 2026 • 10:55 AM
ছবির ক্যাপশন: মক্কার দিকে হুথিদের ড্রোন, আকাশসীমায় ঢোকার আগেই ভূপাতিত

ইসলামের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি গোষ্ঠী একটি ড্রোন নিক্ষেপ করেছে বলে দাবি করেছে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুরকি আল-মালিকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সৌদি রয়্যাল এয়ার ডিফেন্স ফোর্স মক্কার দিকে আসা একটি ‘শত্রুতাপূর্ণ’ ড্রোন শনাক্ত করে। পরে মক্কা শহরের দক্ষিণে সেটিকে বাধা দিয়ে ধ্বংস করা হয়।

আল-মালিকি বলেন, মক্কা, কাবা ও মুসল্লিদের নিরাপত্তা সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে এটি হুথিদের দ্বিতীয় হামলার চেষ্টা।

তবে মক্কায় হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনের পক্ষ থেকে মক্কা বা অন্য কোনো পবিত্র স্থানে হামলার হুমকি দেওয়ার যে তথ্য প্রচার করা হয়েছে, তা ‘মিথ্যা ও অসত্য’।

এর আগে সোমবার সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট। সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়।

মক্কাকে ঘিরে সর্বশেষ ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সৌদি আরব ও হুথিদের মধ্যে কয়েক বছর তুলনামূলক স্থিতিশীলতার পর নতুন করে উত্তেজনা বেড়েছে। ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সংঘাত তীব্র হয়। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে সামরিক অভিযান শুরু করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলা বেড়েছে।

সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি

ট্যাগ
মক্কার দিকে হুথিদের ড্রোন আকাশসীমায় ঢোকার আগেই ভূপাতিত
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 16 Sep, 2026 • 10:55 AM
বিজ্ঞাপন (Compact)