আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:40
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

নামাজ ও উত্তম চরিত্রে শিশুদের গড়ে তোলার আহ্বান: মসজিদে নববীর ইমাম

Front line Bangladesh 29 Aug, 2026 • 01:37 PM
ছবির ক্যাপশন: নামাজ ও উত্তম চরিত্রে শিশুদের গড়ে তোলার আহ্বান: মসজিদে নববীর ইমাম

আন্তর্জাতিক ডেস্ক

যুবসমাজকে সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়েছেন মদিনার মসজিদে নববীর ইমাম শায়খ আলী আল-হুযাইফি।

শুক্রবার জুমার খুতবায় তিনি বলেন, আত্মশুদ্ধি এবং সমাজের অগ্রগতিতে জ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সৎকর্ম ও ইতিবাচক আদর্শের মাধ্যমে সন্তানদের গড়ে তুলতে পরিবার ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

শিশুদের ছোটবেলা থেকেই মৌলিক ধর্মীয় জ্ঞানের ভিত্তি শক্ত করার ওপর গুরুত্ব দেন শায়খ হুযাইফি। তিনি নামাজ ও উত্তম চরিত্রকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, এসব গুণ শিশুর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তার মতে, ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে উঠলে শিশুরা ভবিষ্যতে সমাজের গঠনমূলক সদস্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে এবং অন্যের কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবে।

জ্ঞানার্জনে গুরুত্ব

যুবসমাজকে চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, শিল্প, অর্থনীতিসহ জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন মসজিদে নববীর এই ইমাম।

তিনি বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার ওপর। তাই তরুণদের শুধু ধর্মীয় ও নৈতিক শিক্ষায় নয়, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রেও দক্ষ করে তুলতে হবে।

শায়খ হুযাইফি এমন একটি প্রজন্ম গড়ে তোলার ওপর জোর দেন, যারা পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হবে এবং নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারবে।

তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টাতেই নৈতিকতা, জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

ট্যাগ
নামাজ ও উত্তম চরিত্রে শিশুদের গড়ে তোলার আহ্বান: মসজিদে নববীর ইমাম
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 29 Aug, 2026 • 01:37 PM
বিজ্ঞাপন (Compact)