আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:38
লগইন
9+
অনলাইন সংস্করণ 5 মিনিটে পড়ুন ARTICLE

তিন মাসে সৌদিতে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৫২ লাখের বেশি মানুষ

Front line Bangladesh 25 Aug, 2026 • 06:09 PM
ছবির ক্যাপশন: তিন মাসে সৌদিতে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৫২ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সৌদি আরবে ১ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৭৬৭ জন ওমরাহ পালন করেছেন। তাঁদের মধ্যে সৌদি আরবের ভেতর থেকে ওমরাহ পালনকারীর সংখ্যা ৯৪ লাখ ৬৪ হাজার ৪৯৬ এবং বিদেশ থেকে আসা ওমরাহ পালনকারীর সংখ্যা ৫৭ লাখ ৬৯ হাজার ২৭১ জন।

সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (GASTAT) প্রকাশিত ২০২৬ সালের প্রথম প্রান্তিকের ওমরাহ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, মোট ওমরাহ পালনকারীর ৫৯ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৬ শতাংশ নারী। মোট সংখ্যার ২৮ দশমিক ৯ শতাংশ ছিলেন সৌদি নাগরিক।

বিদেশি ওমরাহ পালনকারীদের মধ্যে নারী বেশি

প্রথম প্রান্তিকে সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ পালন করতে আসা মানুষের সংখ্যা ছিল ৫৭ লাখ ৬৯ হাজার ২৭১ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৭৭ হাজার ৯০৪ জন, যা ৪৮ দশমিক ২ শতাংশ। নারী ছিলেন ২৯ লাখ ৯১ হাজার ৩৬৭ জন, অর্থাৎ প্রায় ৫১ দশমিক ৮ শতাংশ।

বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের প্রধান মাধ্যম ছিল বিমান। মোট বিদেশি ওমরাহ পালনকারীর ৮৬ শতাংশ আকাশপথে দেশটিতে প্রবেশ করেন। স্থলবন্দর ব্যবহার করেন ১৩ দশমিক ৬ শতাংশ এবং সমুদ্রবন্দর দিয়ে প্রবেশ করেন শূন্য দশমিক ৪ শতাংশ।

মাসভিত্তিক হিসাবে বিদেশি ওমরাহ পালনকারীর সংখ্যা জানুয়ারিতে সবচেয়ে বেশি ছিল। এ মাসে ২২ লাখ ৩৭ হাজার ৪১৮ জন ওমরাহ পালন করেন, যা প্রথম প্রান্তিকের বিদেশি ওমরাহ পালনকারীর ৩৮ দশমিক ৮ শতাংশ। মার্চে এ সংখ্যা কমে দাঁড়ায় ১৩ লাখ ৯০ হাজার ১৩০ জনে, যা ছিল তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

ফেব্রুয়ারিতে দেশীয় ওমরাহ পালনকারী সর্বোচ্চ

দেশের ভেতর থেকে ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৯৪ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন। তাঁদের মধ্যে সৌদি নাগরিক ৪৩ লাখ ৯৬ হাজার ৮২৮ জন, যা ৪৬ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে অ-সৌদি নাগরিকের সংখ্যা ৫০ লাখ ৬৭ হাজার ৬৬৮ জন, অর্থাৎ ৫৩ দশমিক ৫ শতাংশ।

দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ৬২ লাখ ৬৫ হাজার ৮১০ জন, যা ৬৬ দশমিক ২ শতাংশ। নারী ছিলেন ৩১ লাখ ৯৮ হাজার ৬৮৬ জন, অর্থাৎ ৩৩ দশমিক ৮ শতাংশ।

মাসভিত্তিক হিসাবে ফেব্রুয়ারিতে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা সর্বোচ্চ ছিল—৪৫ লাখ ৫৮ হাজার ৫৭০ জন। এটি প্রথম প্রান্তিকের মোট দেশীয় ওমরাহ পালনকারীর ৪৮ দশমিক ২ শতাংশ। জানুয়ারিতে এ সংখ্যা ছিল সর্বনিম্ন ১৩ লাখ ১ হাজার ৩৪৩ জন।

GASTAT-এর তথ্য অনুযায়ী, দেশীয় ওমরাহ পালনকারীদের ৭৫ দশমিক ৪ শতাংশ পরিবারের সঙ্গে ওমরাহ পালন করেছেন। ১৭ দশমিক ২ শতাংশ একা এবং ৭ দশমিক ৪ শতাংশ বন্ধুদের সঙ্গে ওমরাহ পালন করেছেন।

বয়সভেদে ভিন্ন চিত্র

বিদেশি ওমরাহ পালনকারীদের মধ্যে ৫৫ থেকে ৬৪ বছর বয়সীরা সবচেয়ে বড় অংশ। তাঁদের হার ১৮ দশমিক ৮ শতাংশ। বিপরীতে ০ থেকে ১৪ বছর বয়সী বিদেশি ওমরাহ পালনকারীর হার সবচেয়ে কম—৮ শতাংশ।

দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ২৫ থেকে ৩৪ বছর বয়সীরা সবচেয়ে বড় অংশ, যা মোটের ২৫ দশমিক ৩ শতাংশ। ৬৫ বছর বা তার বেশি বয়সীদের অংশ সবচেয়ে কম, ২ দশমিক ৮ শতাংশ।

দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ৯০ লাখ ২৬ হাজার ১০৮ জন ওই প্রান্তিকে একবার ওমরাহ পালন করেছেন। ৪ লাখ ৩৮ হাজার ৩৮৮ জন একাধিকবার ওমরাহ পালন করেছেন। একাধিকবার ওমরাহ পালনকারীরা দেশীয় মোট ওমরাহ পালনকারীর ৪ দশমিক ৬ শতাংশ।

মক্কায় সবচেয়ে বেশি দেশীয় ওমরাহ পালনকারী

অঞ্চলভিত্তিক হিসাবে মক্কা অঞ্চলে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল। এ অঞ্চলে ৪০ লাখ ৬৬ হাজার ৬৬৯ জন ওমরাহ পালন করেন, যা দেশীয় মোট ওমরাহ পালনকারীর ৪৩ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে ছিল রিয়াদ অঞ্চল। সেখানে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ২০ লাখ ২৬ হাজার ২৯ জন, যা মোটের ২১ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে নর্দার্ন বর্ডার্স অঞ্চলে সংখ্যা সবচেয়ে কম—৪১ হাজার ৭১৮ জন বা শূন্য দশমিক ৪ শতাংশ।

মদিনায়ও লাখো দর্শনার্থী

ওমরাহর পাশাপাশি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে মদিনায়ও বিপুলসংখ্যক দর্শনার্থী গেছেন। GASTAT-এর পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে বিদেশ থেকে মদিনায় যাওয়া দর্শনার্থীর সংখ্যা ছিল ৩৭ লাখ ৪১ হাজার ৪৬০ জন।

ধর্মীয় উদ্দেশ্যে দেশের ভেতর থেকে মদিনা সফর করেছেন ১৯ লাখ ৮৪ হাজার ১৯৩ জন। তাঁদের মধ্যে সৌদি নাগরিক ৯ লাখ ৭৫ হাজার ২৭৮ জন, যা ৪৯ দশমিক ২ শতাংশ। অ-সৌদি নাগরিকের সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৯১৫ জন, অর্থাৎ ৫০ দশমিক ৮ শতাংশ।

দেশের ভেতর ও বিদেশ থেকে মদিনায় যাওয়া দর্শনার্থীর সংখ্যা মিলিয়ে প্রথম প্রান্তিকে মোট সংখ্যা দাঁড়ায় প্রায় ৫৭ লাখ ২৫ হাজার ৬৫৩ জন।

গত বছরের তুলনায় বিদেশি ওমরাহ পালনকারীর সংখ্যা কমেছে

GASTAT-এর ২০২৫ সালের প্রথম প্রান্তিকের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০২৬ সালের প্রথম তিন মাসে মোট ওমরাহ পালনকারীর সংখ্যা প্রায় একই পর্যায়ে রয়েছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে মোট ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ১ কোটি ৫২ লাখ ২২ হাজার ৪৯৭ জন।

তবে এ সময়ে দেশের ভেতর থেকে ওমরাহ পালনকারীর সংখ্যা বেড়েছে, বিপরীতে বিদেশি ওমরাহ পালনকারীর সংখ্যা কমেছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিদেশি ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৬৫ লাখ ২৩ হাজার ৬৩০ জন; ২০২৬ সালের একই সময়ে তা কমে ৫৭ লাখ ৬৯ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ৮৬ লাখ ৯৮ হাজার ৮৬৭ থেকে বেড়ে ৯৪ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন হয়েছে।

GASTAT জানায়, ওমরাহ ও মদিনা সফরের পরিসংখ্যান ২০২৪ সাল থেকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে। এসব পরিসংখ্যান মাঠপর্যায়ের জরিপ, প্রশাসনিক রেকর্ড এবং সংশ্লিষ্ট সরকারি কর্মসূচি ও মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়।

প্রথম প্রান্তিকের এই পরিসংখ্যান সৌদি আরবে ওমরাহ ও ধর্মীয় পর্যটনের ব্যাপকতা সম্পর্কে একটি সামগ্রিক চিত্র তুলে ধরেছে। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের বয়স, লিঙ্গ, যাতায়াতের মাধ্যম ও ভ্রমণের ধরনেও বিভিন্ন প্রবণতা প্রকাশ পেয়েছে।

ট্যাগ
তিন মাসে সৌদিতে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৫২ লাখের বেশি মানুষ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 25 Aug, 2026 • 06:09 PM
বিজ্ঞাপন (Compact)