আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:19
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

জার্মানি থেকে ৬টি অ্যাডভান্সড সাবমেরিন কিনছে ভারত

Front line Bangladesh 16 Aug, 2026 • 02:56 PM
ছবির ক্যাপশন: জার্মানি থেকে ৬টি অ্যাডভান্সড সাবমেরিন কিনছে ভারত

জার্মানির কাছ থেকে ছয়টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন কিনতে যাচ্ছে ভারত। এ প্রকল্পে প্রাথমিকভাবে প্রায় ৭০ হাজার কোটি রুপি ব্যয় ধরা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, সাবমেরিন কেনার প্রস্তাব ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে কমিটির বৈঠকে ‘প্রজেক্ট-৭৫ ইন্ডিয়া’ বা ‘পি-৭৫ ইন্ডিয়া’ নামে পরিচিত এই প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

প্রস্তাবটি অনুমোদিত হলে জার্মানির সামুদ্রিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস (TKMS) এবং ভারতের মুম্বাইভিত্তিক মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড যৌথভাবে সাবমেরিনগুলো নির্মাণ করবে। ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে এ নির্মাণকাজ হবে।

এই সাবমেরিনগুলোতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন (AIP) প্রযুক্তি থাকবে। ফলে সাধারণ ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনের তুলনায় এগুলো দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারবে এবং তুলনামূলকভাবে কম শব্দে চলতে সক্ষম হবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি সাবমেরিনের দৈর্ঘ্য প্রায় ৬৫ মিটার, প্রস্থ ৬ দশমিক ৪৭ মিটার এবং উচ্চতা ৬ দশমিক ১৬ মিটার হতে পারে। এগুলোতে বিশেষ ধরনের HY-100 ফেরোম্যাগনেটিক ইস্পাত ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যা সাবমেরিনের চৌম্বকীয় স্বাক্ষর কমিয়ে শত্রুপক্ষের নজরদারি এড়াতে সহায়ক হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত সাবমেরিনগুলোর অস্ত্রভাণ্ডারে ছয়টি ৫৩৩ মিমি টর্পেডো টিউব, হেভিওয়েট ব্ল্যাক শার্ক টর্পেডো, SM-29 এক্সোসেট অ্যান্টি-শিপ মিসাইল এবং সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সংস্করণ থাকার কথা রয়েছে।

জার্মানির সঙ্গে চুক্তির বিষয়ে জুলাই মাসে ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান জানিয়েছিলেন, শিগগিরই এ সংক্রান্ত চুক্তি হতে পারে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে বঙ্গোপসাগর ও আরব সাগরে একই সঙ্গে পাকিস্তান ও চীনের নৌ-সামরিক সক্ষমতা মোকাবিলায় ভারতের নৌবাহিনীর সক্ষমতা বাড়বে।

উল্লেখ্য, ২০১৮ সালে ভারতীয় নৌবাহিনী উন্নত প্রযুক্তির ছয়টি সাবমেরিন নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানায়। পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকল্পটি ‘অ্যাকসেপ্টেন্স অব নেসেসিটি’ পর্যায়ে অন্তর্ভুক্ত করে। সে সময় প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল প্রায় ৪৩ হাজার কোটি রুপি।

এর আগে আশির দশকের শুরুতে জার্মানির হাউন্ডসওয়ার্ক-ডয়চে ওয়েরফটের কাছ থেকে চারটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন সংগ্রহ করেছিল ভারত। পরে ফরাসি প্রযুক্তিগত সহায়তায় ছয়টি কলভরি শ্রেণির স্করপেন সাবমেরিন নির্মাণ করে দেশটি। ওই প্রকল্পের নাম ছিল ‘প্রজেক্ট-৭৫’। ২০১৫ সালে প্রথম সাবমেরিন আইএনএস কলভরি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয় এবং ২০২০ সালের নভেম্বরে এ সিরিজের শেষ সাবমেরিন কমিশন করা হয়। এরপর গত পাঁচ বছরে নতুন কোনো সাবমেরিন ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়নি।

ট্যাগ
জার্মানি থেকে ৬টি অ্যাডভান্সড সাবমেরিন কিনছে ভারত
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 16 Aug, 2026 • 02:56 PM
বিজ্ঞাপন (Compact)