আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:34
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ছয় মাস পর কুয়েত-ঢাকা রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

Front line Bangladesh 29 Aug, 2026 • 04:46 PM
ছবির ক্যাপশন: ছয় মাস পর কুয়েত-ঢাকা রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু

প্রবাসী ডেস্ক

দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর কুয়েত-ঢাকা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা এই রুটে শনিবার (২৯ আগস্ট) থেকে আবার নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ। কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

টিকিটের দাম কমতে শুরু

বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় কুয়েত-বাংলাদেশ রুটে অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে কুয়েতপ্রবাসী বাংলাদেশি যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

দীর্ঘদিন সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় কুয়েত থেকে বাংলাদেশগামী যাত্রীদের বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে বাড়তি ভাড়া দিয়ে দেশে ফিরতে হচ্ছিল। বিশেষ করে ছুটির মৌসুম ও জরুরি প্রয়োজনে দেশে আসতে ইচ্ছুক প্রবাসীদের জন্য অতিরিক্ত বিমানভাড়া বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

প্রবাসীদের ভোগান্তি কমার আশা

বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় কুয়েতপ্রবাসীদের জন্য সরাসরি দেশে ফেরার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি এ রুটে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে প্রতিযোগিতা বাড়ায় টিকিটের ভাড়া আরও কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসীরা বলছেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়মিত ও নির্বিঘ্নভাবে পরিচালিত হলে কুয়েত-ঢাকা রুটে বিমানভাড়া আরও সহনীয় পর্যায়ে আসবে। একই সঙ্গে কমবে যাত্রীদের সময় ও অর্থের অপচয়।

দীর্ঘ অপেক্ষার পর সরাসরি ফ্লাইট চালু হওয়ায় কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের যাতায়াতে বড় ধরনের স্বস্তি ফিরবে—এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।

ট্যাগ
ছয় মাস পর কুয়েত-ঢাকা রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 29 Aug, 2026 • 04:46 PM
বিজ্ঞাপন (Compact)