আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:34
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

Front line Bangladesh 21 Aug, 2026 • 02:13 PM
ছবির ক্যাপশন: আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও মার্কিন সামরিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে প্রত্যন্ত কেপ নিউেনহাম এলাকার একটি রাডার সাইটের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এফএএর প্রাথমিক তথ্য অনুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি আলাস্কার অ্যাঙ্কোরেজ থেকে কেপ নিউেনহামের উদ্দেশে যাত্রা করেছিল। গন্তব্যটি অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিকিউরিটি এভিয়েশনের পরিচালিত ওই চার্টার ফ্লাইটে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন। আলাস্কান কমান্ড জানিয়েছে, বিমানটি বেসামরিকভাবে চুক্তিবদ্ধ একটি ফ্লাইট ছিল এবং এতে আটজন কর্মী ছিলেন। পরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করে, বিমানের কেউই বেঁচে নেই।

কেপ নিউেনহাম বিমানবন্দরেই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানবন্দরটি মার্কিন বিমানবাহিনীর একটি স্থাপনার অংশ এবং সেখান থেকে লং রেঞ্জ রাডার সাইটে প্রবেশের ব্যবস্থা রয়েছে। ওই স্থাপনায় কেবল সামরিক ও অনুমোদিত চার্টার ফ্লাইট অবতরণের অনুমতি রয়েছে।

তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার তদন্ত করবে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তদন্তের নেতৃত্ব দেবে এনটিএসবি।

দুর্ঘটনার খবর পাওয়ার পর আলাস্কা এয়ার ন্যাশনাল গার্ড পরিচালিত আলাস্কা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

মার্কিন বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস ঘটনাটিকে সামরিক পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ‘মর্মান্তিক ক্ষতি’ হিসেবে উল্লেখ করেন। নিহতরা কঠিন পরিবেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী নিবেদিতপ্রাণ পেশাজীবী ছিলেন বলেও জানান তিনি।

নিহতদের স্বজনদের অবহিত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে আলাস্কান কমান্ড।

সূত্র: সিএনএন
ট্যাগ
আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত নিহত ৮
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Aug, 2026 • 02:13 PM
বিজ্ঞাপন (Compact)