কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। জীবনের নানা সুন্দর মুহূর্ত, অনুভূতি ও ব্যক্তিগত সময়ের ছবি প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার সুইমিংপুলে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন পরীমণি। ছবির ক্যাপশনে কোনো মন্তব্য না করে শুধু নীল রঙের লাভ ইমোজি দিয়েছেন তিনি।
ছবিতে দেখা যায়, সাদা, সবুজ ও কালোর মিশেলে প্রিন্ট করা সুইমস্যুট পরে সুইমিংপুলে নেমেছেন পরীমণি। কানে কাঠগোলাপ, সঙ্গে হালকা মেকআপ ও স্বাভাবিক সাজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। তার এই লুক মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের।
ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। পরীমণির সৌন্দর্যে মুগ্ধ হয়ে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন নেটিজেনরা।
অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সন্তানদেরও যথেষ্ট সময় দেন পরীমণি। সুযোগ পেলেই ছেলে-মেয়েকে নিয়ে ঘুরতে বের হন তিনি। গত ১০ আগস্ট ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যর জন্মদিনও বিশেষভাবে উদ্যাপন করেন এই নায়িকা। দুই সন্তান ও এতিমখানার শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি।