বিনোদন ডেস্ক
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ’র ৩০তম মৃত্যুবার্ষিকী আগামী ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন করেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি।
বিশেষ এই আয়োজনে টানা সাত দিন প্রচারিত হবে সালমান শাহ অভিনীত সাতটি জনপ্রিয় সিনেমা। আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে সিনেমাগুলো প্রচার করা হবে।
আয়োজনের প্রথম দিন, ৫ সেপ্টেম্বর প্রচারিত হবে শাহ আলম কিরণ পরিচালিত ‘বিচার হবে’। এতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।
৬ সেপ্টেম্বর দেখানো হবে এম এ খালেদের পরিচালনায় ‘স্বপ্নের ঠিকানা’। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।
৭ সেপ্টেম্বর প্রচারিত হবে শিবলি সাদিক পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘আনন্দ অশ্রু’। ছবিটিতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।
৮ সেপ্টেম্বর দর্শক দেখতে পাবেন মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’। এতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।
পঞ্চম দিন, ৯ সেপ্টেম্বর প্রচারিত হবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। এতে সালমান শাহ, শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা অভিনয় করেছেন।
১০ সেপ্টেম্বর দেখানো হবে রেজা হাসমতের পরিচালনায় ‘প্রেম পিয়াসী’। সিনেমাটিতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।
আয়োজনের শেষ দিন, ১১ সেপ্টেম্বর প্রচারিত হবে বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’। এতে সালমান শাহ, শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ অভিনয় করেছেন।
প্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশেষ সিনেমা প্রদর্শনীতে তার অভিনয় ও চলচ্চিত্রের স্মরণীয় সময়গুলো আবারও উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা।