প্রায় তিন দশক পর আবারও আলোচনার কেন্দ্রে এসেছে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু। দীর্ঘদিনের এই অমীমাংসিত ঘটনায় সম্প্রতি প্রথমবারের মতো একজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ায় নতুন করে সরব হয়েছেন প্রয়াত এই নায়কের ভক্তরা। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত সত্য উদঘাটন ও ন্যায়বিচারের দাবিতে শনিবার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তারা।
দুপুর আড়াইটার দিকে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সালমান শাহর ভক্তরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা দীর্ঘদিনের এই মৃত্যুর রহস্যের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানান।
মানববন্ধন থেকে সম্প্রতি গ্রেপ্তার হওয়া অভিনেতা ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনার আহ্বান জানানো হয়। পাশাপাশি মামলায় অভিযুক্ত সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, রিজভী, লুসিসহ সংশ্লিষ্ট অন্যদের দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানান ভক্তরা।
কর্মসূচিতে অংশ নেওয়া অনেকের হাতে ছিল সালমান শাহর ছবি ও ন্যায়বিচারের দাবিসংবলিত প্ল্যাকার্ড। তাদের প্রশ্ন, প্রায় তিন দশক পেরিয়ে গেলেও কেন এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর রহস্যের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি? মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাই কেন এখনো বিচারের মুখোমুখি হননি?
ভক্তদের ভাষ্য, সালমান শাহ শুধু একজন চলচ্চিত্র অভিনেতা ছিলেন না; স্বল্প সময়ের ক্যারিয়ারেই তিনি বাংলা চলচ্চিত্রে যে জনপ্রিয়তা ও প্রভাব তৈরি করেছিলেন, তা আজও অটুট। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা।
তাদের প্রত্যাশা, এবার মামলার তদন্তে নতুন গতি আসবে এবং সংশ্লিষ্ট প্রত্যেকের ভূমিকা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে। প্রকৃত ঘটনা উদঘাটনের মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং সালমান শাহর পরিবার ও ভক্তরা ন্যায়বিচার পাবেন—এমনটাই আশা করছেন তারা।