আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 23:35
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

সালমান শাহকে ঘিরে নব্বইয়ের নস্টালজিয়া নিয়ে আসছে ‘লাভ ৯৬’

Front line Bangladesh 22 Aug, 2026 • 11:50 AM
ছবির ক্যাপশন: সালমান শাহকে ঘিরে নব্বইয়ের নস্টালজিয়া নিয়ে আসছে ‘লাভ ৯৬’


অমর নায়ক সালমান শাহর জীবনী কিংবা তার মৃত্যুরহস্য নয়; বরং নব্বইয়ের দশকে তাকে ঘিরে সারাদেশে ছড়িয়ে পড়া উন্মাদনা, আবেগ ও ভক্তদের পাগলামির গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত চলচ্চিত্রটি আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
নির্মাতা ইভান মল্লিক জানান, সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। এর ঠিক দুদিন আগে, ৪ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে মুক্তি দেওয়া হবে ‘লাভ ৯৬’। গত ১০ মে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। নির্মাতার দাবি, ‘লাভ ৯৬’-এর গল্প, নির্মাণশৈলী এবং নব্বইয়ের দশকের আবেগঘন উপস্থাপনা বোর্ডের সদস্যদের কাছেও প্রশংসিত হয়েছে।
ইভান মল্লিক বলেন, ‘সিনেমাটি যেহেতু সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে এবং প্রশংসিত হয়েছে, তাই এখানে বিতর্কিত কিছু নেই। আছে শুধু সালমান শাহ ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সময়কে ফিরে দেখার চেষ্টা।’
রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত ‘লাভ ৯৬’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।
কী আছে ‘লাভ ৯৬’-এ?
ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড কেনা, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা রেডিওতে পছন্দের অনুষ্ঠানের জন্য অধীর অপেক্ষা—নব্বইয়ের দশকের এসব স্মৃতি এখন অনেকের কাছেই রঙিন নস্টালজিয়া।
ঠিক সেই সময়েই বাংলা চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে সালমান শাহর। অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই তিনি বদলে দেন বাংলা চলচ্চিত্রের চেনা ধারা। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যুর সংবাদ পুরো দেশকে স্তব্ধ করে দেয়।
প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মহুতির পথও বেছে নিয়েছিলেন। সেই আবেগঘন সময়, সালমান শাহকে ঘিরে ভক্তদের উন্মাদনা এবং এক অন্ধ ভক্তের জীবনকাহিনিকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’।
নির্মাতা ইভান মল্লিক বলেন, ‘অডিশনের মাধ্যমে একেবারে নতুন দুজনকে নির্বাচন করেছি। অডিশনের ক্ষেত্রে পরিচালক সমিতিও সহযোগিতা করেছে। “লাভ ৯৬” পুরোপুরি রোমান্টিক ও অ্যাকশনধর্মী বাণিজ্যিক সিনেমা। দর্শকরা টানটান উত্তেজনা পাবেন। আমি মনে করি, এই চলচ্চিত্রটি দেখলে প্রত্যেক সালমান শাহ ভক্তই নিজের কোনো না কোনো অনুভূতিকে খুঁজে পাবেন।’
সালমান শাহর মৃত্যুবার্ষিকীর ঠিক আগে মুক্তি পেতে যাওয়া ‘লাভ ৯৬’ তাই শুধু একটি সিনেমা নয়, নব্বইয়ের দশকের সেই নায়ক-ভক্তির আবেগ ও হারিয়ে যাওয়া সময়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরারও একটি প্রচেষ্টা।
ট্যাগ
সালমান শাহকে ঘিরে নব্বইয়ের নস্টালজিয়া নিয়ে আসছে ‘লাভ ৯৬’
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Aug, 2026 • 11:50 AM
বিজ্ঞাপন (Compact)