আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 22:36
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ভেনিস-কান মাতিয়ে এবার লন্ডন চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

Front line Bangladesh 18 Aug, 2026 • 03:22 PM
ছবির ক্যাপশন: ভেনিস-কান মাতিয়ে এবার লন্ডন চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়ে চমক দেখাচ্ছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। তার নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এবার জায়গা করে নিয়েছে লন্ডন চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে।

এর আগে বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব ভেনিস এবং কানাডার টরন্টো চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। দুই উৎসবেই প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে জায়গা করে নেয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

এবার যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আয়োজন বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালেও নির্বাচিত হলো সিনেমাটি। সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে উৎসবটির ৭০তম আসর।

উৎসবের ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর জন্য প্রতিযোগিতা করবে মোট ১০টি সিনেমা। সেই তালিকায় রয়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। অন্য প্রতিযোগী সিনেমাগুলোর মধ্যে রয়েছে জাপানের হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ‘ইম্পেরিয়াম’, যুক্তরাজ্যের ক্যারল মরলির ‘৭ মাইলস আউট’, হাঙ্গেরির লিলি হরভাটের ‘মাই নোটস অন মার্স’ এবং আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের ‘গ্ল্যাক্সো’।

এছাড়া প্রতিযোগিতায় রয়েছে আয়ারল্যান্ডের ক্রিস্টিন মলয় ও জো ললারের ‘অ্যাক্ট ৩’, ইতালির জিওভান্নি তরতোরিচির ‘কেটিসে’, পোল্যান্ডের মালগোর্জাতা সুমোভস্কা ও মাইকেল এঙ্গলার্টের ‘দ্য ইডিয়টস’ এবং ডেনমার্কের মে এল-তুখির ‘উইমেন আননোন’।

নির্মাতা রুবাইয়াত হোসেন জানিয়েছেন, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর সিনেমা। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প।

গল্পে বলা হয়, একসময় ওই পার্লারে এক কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। এরপর এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য পার্লারে এলে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয়। রহস্য, মনস্তত্ত্ব ও সুপারন্যাচারাল উপাদানের মধ্য দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় কাহিনি।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এই সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। এছাড়া অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। আরও রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।

ট্যাগ
দ্য ডিফিকাল্ট ব্রাইড রুবাইয়াত হোসেন লন্ডন চলচ্চিত্র উৎসব BFI London Film Festival লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ ভেনিস চলচ্চিত্র উৎসব কানাডা টরন্টো চলচ্চিত্র উৎসব টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশি সিনেমা বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জাইনীন করিম আজমেরী হক বাঁধন রিকিতা নন্দিনী শিমু সুনেরাহ বিনতে কামাল মনস্তাত্ত্বিক হরর সিনেমা বাংলাদেশি চলচ্চিত্র Rubaiyat Hossain The Difficult Bride
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 18 Aug, 2026 • 03:22 PM
বিজ্ঞাপন (Compact)