ঘুরতে ভালোবাসেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কখনো পাহাড়, কখনো সমুদ্র—কাজের ফাঁকে সুযোগ পেলেই ছুটে যান প্রকৃতির কাছে। নিজের ভ্রমণের মুহূর্তগুলো ছবি ও ভিডিওতে ধারণ করে ভক্তদের সঙ্গেও শেয়ার করেন এই নায়িকা।
সম্প্রতি সিনেমার শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। সেখানে কাজের ফাঁকে পাহাড় ও ঝর্ণার সৌন্দর্য উপভোগ করেছেন তিনি। তবে মঙ্গলবার সকালে হঠাৎ সমুদ্রতটের কিছু ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলো কোথা থেকে তোলা, তা অবশ্য জানাননি অপু। নেপালে বর্তমানে অবস্থান করলেও দেশটিতে কোনো সমুদ্রসৈকত নেই। ফলে ছবির স্থান নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে অপুর পোশাক। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা আর স্লিভলেস কালো ক্যাজুয়াল টপসে বেশ স্টাইলিশ লুকে দেখা গেছে তাকে। খোলা চুল ও হালকা হাসিতে সমুদ্রতটের পরিবেশ উপভোগের মুহূর্তগুলো সাবলীলভাবে ক্যামেরাবন্দি করেছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ‘কখনো প্রকৃতিকেও সবসময় তোমার দরকার হবে। শুভ সকাল।’
সকাল সকাল অপুর এমন ওয়েস্টার্ন ও স্টাইলিশ লুক প্রকাশের পরই তার পোস্টের মন্তব্যের ঘরে ভিড় জমাতে শুরু করেন ভক্ত-অনুরাগীরা। ছবিগুলোতে নানা প্রতিক্রিয়ার পাশাপাশি ভালোবাসা ও প্রশংসাও জানিয়েছেন তারা।
