আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 21:20
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই’: শ্রাবন্তী

Front line Bangladesh 09 Sep, 2026 • 04:29 PM
ছবির ক্যাপশন: অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই’: শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা দীর্ঘদিনের। বিশেষ করে তার একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময়ে নানা মন্তব্যের মুখে পড়েছেন তিনি। এবার নিজের জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে জানালেন, সম্পর্কের বারবার পাওয়া আঘাত তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এমনকি কয়েকবার নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও তার মনে হয়েছিল।

‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে অতিথি হয়ে নিজের জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শ্রাবন্তী। সেখানে তিনি বলেন, ‘অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি, কেন শেষ করব? একটা ভুল পছন্দের কারণে?’

শ্রাবন্তীর ব্যক্তিজীবনে প্রথম বিয়ে হয় খুব অল্প বয়সে। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের এক পুত্রসন্তান রয়েছে।

প্রথম বিয়ের বিচ্ছেদের পর মডেল কৃষাণের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। ২০১৬ সালেই তারা বিয়ে করেন। তবে এক বছরের মধ্যেই সেই দাম্পত্য সম্পর্কেরও অবসান ঘটে।

এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের এপ্রিলে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর বিচ্ছেদ সম্পন্ন হয়।

তিনটি বিয়ে ও বিচ্ছেদ ছাড়াও বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে শ্রাবন্তীর নাম জড়িয়েছে। তবে এসব বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বরাবরই নিজের কাজকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।

ব্যক্তিজীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়েছেন শ্রাবন্তী। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার পর পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতেও তাকে দেখা গেছে।

তবে নানা আলোচনা-সমালোচনার মধ্যেও নিজের কাজেই মনোযোগ ধরে রাখার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তার কথায়, অতীতের কঠিন অভিজ্ঞতা তাকে ভেঙে দিলেও সেসব পেরিয়ে সামনে এগিয়ে যাওয়াকেই এখন গুরুত্ব দিচ্ছেন তিনি।

ট্যাগ
অনেক সময় মনে হয়েছে নিজেকে শেষ করে দিই’: শ্রাবন্তী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 09 Sep, 2026 • 04:29 PM
বিজ্ঞাপন (Compact)