আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:57
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা হাতে ওসি’ প্রচারণার প্রতিবাদ পুলিশের

Front line Bangladesh 13 Aug, 2026 • 01:01 PM
ছবির ক্যাপশন: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা হাতে ওসি’ প্রচারণার প্রতিবাদ পুলিশের
নিজস্ব প্রতিবেদক: 

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওর দৃশ্যের ব্যাখ্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ওসি শেখ মোহাম্মদ আলীর হাতে এক জোড়া জুতা দেখা যায়। ওই দৃশ্যকে কেন্দ্র করে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা হাতে ওসি’—এমন বক্তব্য, শিরোনাম ও প্রচারণা চালানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি, ওসি শেখ মোহাম্মদ আলী স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহন করেননি। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তার হাতে থাকা জুতা ছিল তার নিজের ব্যবহৃত সরকারি অক্সফোর্ড জুতা।

সংগঠনটি বলছে, একটি আংশিক ভিডিওর দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে সেটিকে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা হিসেবে প্রচার করা বাস্তব ঘটনার সম্পূর্ণ বিপরীত। এ ধরনের প্রচারণাকে বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও মর্যাদাহানিকর বলে অভিহিত করেছে তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন শ্রদ্ধাশীল। তবে কোনো পুলিশ সদস্য বা রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও প্রকৃত তথ্য যাচাই করে উপস্থাপনের প্রত্যাশা রয়েছে।

সংগঠনটির মতে, আংশিক ভিডিও বা বিচ্ছিন্ন দৃশ্যের ভুল ব্যাখ্যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের সংবেদনশীল বিষয়ে তথ্যের যথার্থতা নিশ্চিত করা সবার দায়িত্ব।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ইতোমধ্যে প্রকাশিত বিভ্রান্তিকর তথ্য বা শিরোনাম প্রয়োজন অনুযায়ী সংশোধন করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
ট্যাগ
‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা হাতে ওসি’ প্রচারণার প্রতিবাদ পুলিশের
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 13 Aug, 2026 • 01:01 PM
বিজ্ঞাপন (Compact)