ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে একটি পুরোনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাখালীর ওই ভবনে লাগা আগুন বেলা ১২টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।
এর আগে বেলা ১১টা ১২ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্টরা কাজ করছেন।