আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বিএনপি নেতাদের একাধিক নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে আশ্বাস দেওয়ার পাশাপাশি জনগণের কাছে গ্রহণযোগ্য এবং নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা রয়েছে—এমন প্রার্থী বাছাই করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সরকারের ভালো কাজগুলো মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন তারেক রহমান। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব নাজিমুর রহমান। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের সাড়ে ৪০০ নেতা-কর্মী অংশ নেন।
সভায় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমান সরকার অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তাই নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এমন প্রার্থী বেছে নিতে হবে, যিনি জনগণের কাছে গ্রহণযোগ্য এবং ভোটে জয়ী হতে সক্ষম।
সভায় উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শুধু দলীয় পরিচয় নয়, জনসমর্থন ও নির্বাচনে জয়ের সক্ষমতাকেও গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় পর্যায়ে প্রার্থী নির্ধারণের আগে নেতাদের মধ্যে ঐক্য ও সমন্বয় বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় বিভেদ এড়িয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব বাছাইয়ের এই নির্দেশনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সভায় অংশ নেওয়া নেতারা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নেতা-কর্মীদের সতর্ক করেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে ৫০ শতাংশ অপরাধ কমে যাবে। নেতা-কর্মীদের নিজেদেরও কোনো অপরাধে জড়ানো যাবে না। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
এ ছাড়া সরকারের ভালো কাজগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক উড়োজাহাজে রাজশাহী থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
পরে নগরের রহমতগঞ্জের ঐতিহাসিক জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর র্যাডিসন ব্লু হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জে এম সেন হল ও র্যাডিসন ব্লু হোটেলের সামনে দলীয় নেতা-কর্মী ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়। রাতে চট্টগ্রাম ত্যাগ করেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত ৯ আগস্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। ওই সফরে বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।