আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 3 মিনিটে পড়ুন ARTICLE

সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা

Front line Bangladesh 22 Oct, 2026 • 03:58 PM
ছবির ক্যাপশন: সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা

সেনাবাহিনীর সহায়তায় রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের গাড়িবহর খাগড়াছড়ি শহরে পৌঁছেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে পর্যটকবাহী গাড়িগুলো শহরে এসে পৌঁছায়। এর আগে সকাল পৌনে ৯টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন পর্যটকেরা।

পথে বিভিন্ন স্থানে সড়ক অবরোধের মুখে পড়লেও সেনাবাহিনীর নিরাপত্তা সহায়তায় তাঁরা গন্তব্যে পৌঁছান। পর্যটকদের ভাষ্য অনুযায়ী, ফেরার পথে কয়েকটি স্থানে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে পর্যটকদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাজেকে চলমান আন্দোলন ও সড়ক অবরোধের কারণে আতঙ্কে ছিলেন বলে জানিয়েছেন পর্যটকেরা। ঢাকা থেকে বেড়াতে যাওয়া পর্যটক আবুল কাশেম বলেন, তাঁরা দুই রাত তিন দিনের ভ্রমণে বুধবার সাজেকে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর সন্ধ্যায় আন্দোলনের খবর পান। বৃহস্পতিবার তাঁদের সাজেক থেকে ফিরিয়ে আনা হয়।

তিনি বলেন, তিন দিনের জন্য গাড়ি ভাড়া করে অগ্রিম টাকা দিয়েছিলেন। এখন নির্ধারিত সময়ের আগেই ফিরে আসায় গাড়িভাড়ার বিষয়টি কীভাবে সমাধান করবেন, তা নিয়ে চিন্তায় আছেন। এ ছাড়া ঢাকায় ফেরার বাসের টিকিটও দুই দিন পরের হওয়ায় বাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

অয়ন নামে আরেক পর্যটক বলেন, সেনাবাহিনীর এসকর্টে পর্যটকবাহী গাড়িগুলো খাগড়াছড়িতে নিয়ে আসা হয়। পথে দুটি স্থানে প্রায় আধা ঘণ্টা করে অপেক্ষা করতে হয়েছে। আন্দোলনকারীদের সড়ক অবরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি জানান, কয়েকটি স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সড়কে ভাঙা ইট ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তবে সেনাবাহিনীর সহায়তায় তাঁরা নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছেছেন।

হবিগঞ্জ থেকে বেড়াতে যাওয়া পর্যটক অপু বলেন, ঘুরতে গিয়ে আনন্দের বদলে তাঁরা দুশ্চিন্তায় পড়েছিলেন। বুধবার সাজেকে যাওয়ার পর আন্দোলনের কারণে ঠিকমতো ঘুরে দেখতে পারেননি। নিরাপদে ফিরতে পারবেন কি না, তা নিয়ে উদ্বেগ ছিল। শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় তাঁরা খাগড়াছড়িতে পৌঁছেছেন।

অপু আরও জানান, ফেরার পথে দুটি স্থানে তাঁদের গাড়িবহর আটকে পড়ে। বহরের সামনে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি ছিল। তাঁর দাবি, আন্দোলনকারীরা সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে নিরাপত্তা বাহিনী অবরোধকারীদের সড়কের দুই পাশে সরিয়ে পর্যটকবাহী গাড়িগুলোকে ওই এলাকা পার করে দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাতে সাজেকে দুই হাজার ৬০০ জনের বেশি পর্যটক অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী সহযোগিতা করে।

কেন অবরোধ?

সাজেকে সড়ক অবরোধের কর্মসূচি পালন করছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন। সংগঠন দুটি ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) সমর্থিত বলে প্রচার রয়েছে।

অবরোধকারীদের দাবির মধ্যে রয়েছে, সাজেক থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস—সন্তু লারমা গ্রুপ) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া। সংগঠন দুটির অভিযোগ, গত কিছুদিন ধরে পিসিজেএসএসের সশস্ত্র সদস্যরা সাজেকের কয়েকটি এলাকায় অবস্থান করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন এবং স্থানীয় বাসিন্দাদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।

এসব এলাকা থেকে সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে তারা অবরোধ কর্মসূচি পালন করছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আঞ্চলিক সংগঠন দুটির পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সড়ক অবরোধ ও আন্দোলনের কারণে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকদের ভ্রমণ ব্যাহত হয়েছে। অনেকে নির্ধারিত সময়ের আগেই ফিরে আসতে বাধ্য হয়েছেন। এতে পরিবহন ভাড়া ও ফেরার বাসের টিকিট নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন পর্যটকেরা।

ট্যাগ
সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Oct, 2026 • 03:58 PM
বিজ্ঞাপন (Compact)