আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:58
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, জোরদার নিরাপত্তা

Front line Bangladesh 06 Oct, 2026 • 12:54 PM
ছবির ক্যাপশন: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, জোরদার নিরাপত্তা

রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত একটি ই-মেইলের মাধ্যমে ‘গণবোমা’ হামলার হুমকি দেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তল্লাশির পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি আইডি থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ই-মেইলটি পাঠানো হয়। সেখানে মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়।

হুমকির ই-মেইল পাওয়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও ই-মেইলটি ফরোয়ার্ড করা হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানায়, অজ্ঞাত ই-মেইলটি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাঁর ভাষ্য, এটি সম্ভাব্য কোনো হুমকি নয়।

এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার টিম তদন্ত করছে।

ট্যাগ
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি জোরদার নিরাপত্তা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 06 Oct, 2026 • 12:54 PM
বিজ্ঞাপন (Compact)