নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী (৬৫) মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন।
পরে জরুরি ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোশতাক আহমেদ রুহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন বলে জানা গেছে।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।