নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে পুনর্জামিনের আবেদন করেন আইভী। শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ আবেদনটি মঞ্জুর করেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও আইভীর পুনর্জামিনের আবেদনের জন্য দিন ধার্য ছিল। এদিন আদালতে পুনর্জামিনের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।
মামলায় এজাহারনামীয় আসামি ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ ও ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ স্লোগান দেন আইভী।