আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:46
লগইন
9+
অনলাইন সংস্করণ 4 মিনিটে পড়ুন ARTICLE

ডিবির জিজ্ঞাসাবাদে বেশিরভাগ প্রশ্নে নীরব নজরুল

Front line Bangladesh 23 Sep, 2026 • 12:03 PM
ছবির ক্যাপশন: ডিবির জিজ্ঞাসাবাদে বেশিরভাগ প্রশ্নে নীরব নজরুল

ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে।

ডিবির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে মরিয়মকে নির্যাতন ও মানসিক নিপীড়নের অভিযোগসহ বিভিন্ন বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়। নজরুল ইসলাম বেশিরভাগ প্রশ্নের উত্তর না দিয়ে নীরব ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে মাকছুদা বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেও বেশিরভাগ সময় কান্নার পাশাপাশি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

শেরেবাংলা নগর থানায় করা মামলাটি তদন্তের জন্য ডিবিতে স্থানান্তর করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, স্বামী-স্ত্রী দুজনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মুখোমুখিও করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে মরিয়মের সঙ্গে নজরুল ইসলামের পরিচয়, সম্পর্ক ও বিয়ের বিষয়ও উঠে এসেছে। একই সঙ্গে আত্মহত্যার সময় বাসায় কারা ছিলেন, কে কোথায় অবস্থান করছিলেন, বিয়ের পর মরিয়মের সঙ্গে কেমন আচরণ করা হতো এবং তার ওপর কোনো ধরনের নির্যাতন বা মানসিক চাপ ছিল কি না—এসব বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার প্রথম দিনের রিমান্ড শেষে মাকছুদা ইসলামকে কারাগারে পাঠানোর আবেদন করেন ডিবির তদন্ত কর্মকর্তা। এর আগে সোমবার আদালত মাকছুদাকে এক দিন এবং নজরুল ইসলামকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আদালতে দেওয়া আবেদনে জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, তদন্ত এখনো চলমান। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তিনি নিজেও তাদের সঙ্গে কথা বলেছেন। তদন্ত শেষ হওয়ার পর ঘটনার প্রকৃত কারণ এবং কারও দায় আছে কি না, তা স্পষ্ট হবে।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকে ওবায়দুর রহমান পলাতক রয়েছেন বলে জানিয়েছে ডিবি।

গত জুলাইয়ে গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে নজরুল ইসলাম জানান, মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন তাদের বিয়ে হয়েছিল।

নজরুলের সংসদ সদস্যপদ নিয়ে প্রশ্ন টিআইবির

এদিকে মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্ক, তাকে সংসদে চাকরি দেওয়ার এবং তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেওয়ার প্রলোভনের অভিযোগসহ বিভিন্ন ঘটনায় গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবি মরিয়মের মৃত্যু এবং এর আগে ওঠা যৌন ব্ল্যাকমেল বা ‘সেক্সটরশন’-এর অভিযোগের নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত দাবি করেছে। একই সঙ্গে জনপ্রতিনিধিদের জন্য বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি দ্রুত প্রণয়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গাজী নজরুল ইসলামের সংসদীয় অবস্থান নিয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে।

সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে টিআইবি জানিয়েছে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছরের কারাদণ্ড হলে একজন ব্যক্তি সংসদ সদস্য থাকার অযোগ্য হন। ফলে শুধু অভিযোগ, গ্রেপ্তার, রিমান্ড বা দলীয় সিদ্ধান্তের কারণে সাংবিধানিক অযোগ্যতা তৈরি হয় না।

তবে গুরুতর নৈতিক স্খলন, স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার কিংবা সংসদের মর্যাদা ক্ষুণ্নকারী আচরণের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করার দাবি জানিয়েছে টিআইবি।

সংস্থাটি আরও জানায়, সংসদ সদস্যদের জন্য পৃথক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি দীর্ঘদিনের। ২০১০ সালে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট কনডাক্ট বিল, ২০১০’ সংসদে উত্থাপিত হলেও তা আইনে পরিণত হয়নি। পরবর্তী সময়ে সংসদ সদস্যদের জন্য পৃথক ‘মেম্বার অব পার্লামেন্ট কনডাক্ট অ্যাক্ট’ প্রণয়নের সুপারিশও করা হয়েছে।

ট্যাগ
ডিবির জিজ্ঞাসাবাদে বেশিরভাগ প্রশ্নে নীরব নজরুল
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 23 Sep, 2026 • 12:03 PM
বিজ্ঞাপন (Compact)